দিরাই প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
বুধবার (১৯ নভেম্বর/৪ অগ্রহায়ণ) বিকেলে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের শাসখাই বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাবেল চৌধুরী উল্লেখ করেন, তিনি ছাত্রজীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন ছাত্রদলের মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন। এখন পর্যন্ত রাজনীতি করে যাচ্ছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়। দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। মহামারি করোনা ও বন্যার সময় দলের ও তার পক্ষ থেকে সাধারণ মানুষকে সহযোগিতার চেষ্টা করেছেন।
এলাকার শালিস ব্যক্তিত্ব কৃষ্ণধন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ব্রজেশ রঞ্জন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আব্দুল করিম, সুনামগঞ্জ জেলা কৃষক দলের সদস্য মানিক মিয়া তালুকদার, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিলাল চৌধুরী, সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু ও দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া।