সদর উপজেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ

প্রকাশিত August 18, 2017
সদর উপজেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ

সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, বন্যা কবলিত এলাকার কোন মানুষকে খাদ্যের অভাবে দুর্ভোগ পোহাতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানবাসী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সদর উপজেলার বন্যা কবলিত মানুষদের কাছে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের পালপুর দাখিল মাদরাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেংলাকান্দি জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নোয়াগাঁও গ্রামে ত্রাণের চাউল বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মনফর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিত আলম শফিক, মেম্বার মুজাহিদ আলী, কয়েছ আহমদ, মানিক মিয়া, শরীফ আলী প্রমুখ।
আশফাক আহমদ সন্ধ্যায় কান্দিগাঁও ইউনিয়নের নোয়াগাঁও, চামাউরাকান্দি, জৈনকারকান্দি ও শান্তিপুর গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মো নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমির আলী, আব্দুল করিম, আব্দুন নূর, মেম্বার মনির আলী প্রমুখ।