শিক্ষার পরিবেশ উন্নত হলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় : এমপি লুনা

প্রকাশিত September 18, 2026
শিক্ষার পরিবেশ উন্নত হলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় : এমপি লুনা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার সুযোগ আরো বিস্তৃত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও বিজ্ঞানভিত্তিক আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। বর্তমান বিশ্বে শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষার পরিবেশ উন্নত হলে এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখা উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষার আলো যত বেশি মানুষের কাছে পৌঁছবে, সমাজ তত বেশি এগিয়ে যাবে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে নিজ এলাকায় থেকে উচ্চশিক্ষার সুযোগ পায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা ও আধুনিক শিক্ষাব্যবস্থার ওপর বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী কুমার সাহার সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো জাহেদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, মো ময়নুল হক, প্রভাষক মোনায়েম খান, অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, শিক্ষানুরাগী মাওলানা আব্দুর রউফ, মুক্তাদীর, কয়েছ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ডা মোস্তাক আহমদ রুহেল। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি