হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত September 17, 2026
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান/স্নাতক, লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর/২ আশ্বিন) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো জি কে গউছ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো মোজাম্মেল হক।
অ্যালাইড সায়েন্সেস বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুম ও প্যারাক্লিনিক্যাল সায়েন্সেস বিভাগের প্রভাষক সাদিয়া তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি জি কে গউছ বলেন, নতুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি আনন্দের-আবেগের। আজকের ওরিয়েন্টেশনের মাধ্যমে তারা শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন, এই শিক্ষার্থীদের ভবিষ্যত সুন্দর হবে। তারা দেশের সম্পদ হবেন-পরিবারের সম্পদ হবেন। এই দেশের কৃষিকে সমৃদ্ধ করে দেশের মানুষকে মাথা উঁচু করে বাঁচতে দিবেন।
প্রধান অতিথি স্মরণ করিয়ে দেন, ‘কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।’
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই কেনার জন্য তার প্রতিশ্রুত ৫ লাখ টাকা ৭ দিন আগে বরাদ্দ দেওয়া হয়েছে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ডা আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড মাছুমা হাবিব ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ক্রপ প্রোডাকশন বিভাগের প্রভাষক ড জাকারিয়া চৌধুরী অনিক। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) অ্যালাইড সায়েন্সেস বিভাগের প্রভাষক তৌকির আহামেদ, অস্থায়ী ছাত্রী হলের সহকারী প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের প্রভাষক ডা জাকিয়া সুলতানা কলি, অস্থায়ী ছাত্র হলের সহকারী প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো হাবিবুল্লাহ সিদ্দিকী, কৃষি অনুষদের সমন্বয়কারী শিক্ষক প্ল্যান্ট সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক ড মো আবুবকর সিদ্দীক, মাৎস্যবিজ্ঞান অনুষদের সমন্বয়কারী শিক্ষক ফিশারিজ রিসোর্সেস এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত হোসেন নুসি, প্রাণী চিকিৎসা ও প্রানিসম্পদ অনুষদের সমন্বয়কারী শিক্ষক প্রিক্লিনিক্যাল সায়েন্সেস বিভাগের প্রভাষক ড রহিমা আক্তার দীপা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সমন্বয়কারী শিক্ষক বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের প্রভাষক তারানা শারমিন ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো বদরুল আমীন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো মোজাম্মেল হক সভাপতির বক্তব্যে বলেন, “নবীন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের কৃষি ও সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণামুখী ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় তথা ‘সেন্টার অফ এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।” সংবাদ বিজ্ঞপ্তি