দক্ষিণ সুরমার সামগ্রিক উন্নয়নে কোন কার্পণ্য করবো না : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত September 11, 2026
দক্ষিণ সুরমার সামগ্রিক উন্নয়নে কোন কার্পণ্য করবো না : আরিফুল হক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “দক্ষিণ সুরমার সামগ্রিক উন্নয়নে আমি সকল সময়েই আন্তরিক। আমি যখন সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে ছিলাম তখনও আপনারা দেখেছেন, উত্তর সুরমার চেয়ে দক্ষিণ সুরমার উন্নয়নের ক্ষেত্রে আমি কোন বৈষম্য করিনি। এখন যদিও আমি সিলেট-৪ আসনের এমপি, তবু সরকারের একজন মন্ত্রী হিসেবে আমার সামর্থের মধ্যে আপনাদের এলাকার উন্নয়নে আমি কোন কার্পণ্য করবো না। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।”
তিনি ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’প্রণীত ২১ দফা সুপারিশনামা গ্রহণ করে বলেন, “জনগণের কল্যাণে উপস্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বা দাবি পূরণে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। আমার বিশ্বাস, সরকার কোনভাবেই আপনাদের হতাশ করবে না, ইনশাল্লাহ।”
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে মহানগরীর কুমারপাড়ায় মন্ত্রীর বাসভবনে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটের পক্ষ থেকে প্রতিনিধি দলের দেওয়া সুপারিশমালা গ্রহণ করে এর জন্যে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
সংগঠনের আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মালেক তালুকদার, শাহ মো আহমদুর রব, মো নূরুল ইসলাম সুমন, শেখ মো লায়েক মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি