স্বরাষ্ট্র মন্ত্রীর আশ্বাসের পর সঠিক বিচারের আশা সাত্তার-সুরাইয়া দম্পতির দুই কন্যার

প্রকাশিত September 2, 2026
স্বরাষ্ট্র মন্ত্রীর আশ্বাসের পর সঠিক বিচারের আশা সাত্তার-সুরাইয়া দম্পতির দুই কন্যার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের রায়নগর মিতালী আবাসিক এলাকায় নিজের বাসায় সহধর্মিণী ও গৃহকর্মী সহ নিহত বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তারের সন্তানেরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশা করছেন।
বুধবার (২ সেপ্টেম্বর/১৮ ভাদ্র) দুপুরে মহানগরীর জল্লারপারে খান হাউসে এক সংবাদ সম্মেলনে তারা এ আশাবাদ ব্যক্ত করেন।
এতে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের মেয়ে সেলিনা সুলতানা শিখা ও তারানা সুলতানা শিমু বক্তব্য রাখেন।
তারা বলেন, ”আমাদের দাবি একটাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেছি। তিনি আশ্বাস দিয়েছেন সুষ্ঠু তদন্ত ও বিচারের। পাশাপাশি তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশও দিয়েছেন। আমরা এখন আশাবাদী, সঠিক বিচার পাবো।”
তারা সিলেটের সাংবাদিক ও সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান, এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য। এছাড়া সিলেটের মন্ত্রী-এমপিদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, “আমরা এজাহারে নির্দিষ্ট করে কারও প্রতি অভিযোগ তুলিনি। আমরা শুধু পুলিশের নজরে নিয়ে এসেছি যে, আমাদের বাবার জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে একজন আইনজীবীর সঙ্গে। এখন নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে তিনি জড়িত আছেন কি না সেটি বের করার দায়িত্ব পুলিশের।”
তারা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও যদি সুষ্ঠু বিচার না পান তাহলে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন করে সিলেটবাসীকে তাদের সিদ্ধান্ত জানাবেন।
একই সঙ্গে পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরেরও দাবি জানান।