সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, “বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী দেশ ও জাতির এক অনন্য গৌরব। ব্রিটিশ ভারতে তিনিই প্রথম বাঙালি ও সিলেটের কৃতি সন্তান হিসেবে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়ে কমিশন লাভ করেন। জাতির দুর্দিনে আমাদের কান্ডারী হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
তিনি আরও বলেছেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত সেনাপতি, স্বাধীন বাংলাদেশের অহংকার এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম এ জি ওসমানী আমাদের চিরকালের আলোকবর্তিকা। তার জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।”
তিনি রাজধানীর ঐতিহাসিক জনতা ভবনকে দখলমুক্ত করার ও জনতা পার্টিকে দ্রুত নিবন্ধন দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট মহানগরীর জিন্দাবাজারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবীর এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সদস্য শফিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্কর, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সহ সভাপতি মো মোছলেহ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো ইউসুফ সেলু, তথ্য ও প্রচার সম্পাদক রহমান ফারুক, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, কয়েস আহমদ সাগর, এম উস্তার আলী, ইনসান আলী, আমিন পারভেজ ও নূরুল আমিন।
আলোচনা সভা শেষে বঙ্গবীর এম এ জি ওসমানীর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি