গত ২১ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলায় ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট/১১ শ্রাবণ) কানাইঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে পরিবারগুলোর হাতে অনুদানের চেক তুলে দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে নিহত প্রতিটি পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ”যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্বজনদের ক্ষতি পূরণ করার সাধ্য কারও নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। তবে আমরা কেবল আর্থিক অনুদান দিয়েই থেমে থাকতে চাই না; বর্তমান সরকার সার্বক্ষণিকভাবে এসব পরিবারের পাশে থাকার মাধ্যমেই তা প্রমাণ করবে।”
নিহত পরিবারগুলোর ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, এই পরিবারগুলোতে যেসকল শিশু রয়েছে, তাদের লেখাপড়ার সম্পূর্ণ খরচ জোগাতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। একইসাথে স্বজনহারা এই পরিবারগুলোর সামাজিক ও আর্থিক স্থায়িত্ব ফেরাতে প্রতিটি পরিবার থেকে অন্তত ১ জন করে সদস্যকে সরকারি ব্যবস্থাপনায় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, ”এই এলাকার যুবকদের যারা প্রলোভন দেখিয়ে সাগরপথে বা ঝুঁকিপূর্ণ উপায়ে অবৈধভাবে বিদেশে পাঠায়, আপনারা সেই দালালদের পরিচয় প্রকাশ্যে আনুন। তাদের তথ্য আমাদের দিন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবো।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান ও সংরক্ষিত মহিলা আসন-২২ এর সংসদ সদস্য শাম্মী আক্তার। সভাপতিত্ব করেন কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস। সংবাদ বিজ্ঞপ্তি