তেলিরাইয়ে সড়ক ও ড্রেনের কাজ পরিদর্শন করলেন সিসিক প্রশাসক

প্রকাশিত August 18, 2026
তেলিরাইয়ে সড়ক ও ড্রেনের কাজ পরিদর্শন করলেন সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ”সবার সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্ন একটি উন্নত নগরী গড়ার কাজে হাত দিয়েছি। সবার সহযোগিতা অব্যাহত থাকলে অবশ্যই এ কাজে সফল হবো।
মঙ্গলবার (১৮ আগস্ট/৩ ভাদ্র) সকালে দক্ষিণ সুরমার তেলিরাই এলাকা পরিদর্শন এবং সড়ক ও ড্রেনের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “তেলিরাই একটি অবহেলিত ও অনুন্নত এলাকা। এখানকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে রাস্তা ও ড্রেন নির্মাণকাজের গতি বাড়িয়ে অতি দ্রুত তা সম্পন্ন করা হবে।”
সিসিক প্রশাসক জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে বর্তমানে এই এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। রাস্তা সম্প্রসারণের স্বার্থে অনেক এলাকাবাসী নিজেদের ভূমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন, যা প্রশংসনীয়। এ সময় তিনি তেলিরাইয়ের সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, একটিমাত্র রাস্তার কারণে তেলিরাইবাসীকে দীর্ঘদিন ধরে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই দুর্ভোগের অবসান ঘটাতে সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে তিনি নির্দেশ দেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসকের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী মো আলী আকবর, সহকারী প্রকৌশলী দেবব্রত দাশ, সাবেক কাউন্সিলর মো রায়হান হোসেন, শানর মিয়া, আজাদ মিয়া, এমদাই হোসেন, মো আবুল কালাম আজাদ ও মো শাহেদ আহমদসহ এলাকার মুরুব্বি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এলাকাবাসী সিসিক প্রশাসকের এই তদারকি ও উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি