দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন ৫ নভেম্বর

প্রকাশিত August 17, 2026
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন ৫ নভেম্বর

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৫ নভেম্বর। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট/২ ভাদ্র) বিকেলে চেম্বার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন সিলেট চেম্বার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে সিলেট চেম্বারের বর্তমান প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা জানান, যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ের বিধিমালা অনুযায়ী দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।
তফসিল অনুযায়ী ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, এই তালিকায় কোনো আপত্তি থাকলে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে আপত্তি দাখিল, ১৭ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকার বিষয়ে নির্বাচন আপিল বোর্ডের নিকট দাখিলকৃত আপত্তির বিষয়ে নির্বাচন আপিল বোর্ডে শুনানি ও নিষ্পত্তি, ২০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মননোয়নপত্র সংগ্রহ, ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৩ অক্টোবর মনোনয়নপত্র যাচা-বাছাই, ৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় বৈধ প্রার্থীগণের প্রাথমিক তালিকা প্রকাশ, ৬ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের জন্য সংশ্লিষ্ট প্রার্থী কর্তৃক নির্বাচন আপিল বোর্ডের কাছে আপত্তি দাখিল, ১০ অক্টোবর নির্বাচন বোর্ড কর্তৃক বাতিলকৃত মনোনয়ন পত্রের উপর দাখিলকৃত আপত্তি শুনানি গ্রহণ ও নিষ্পত্তি, ১২ অক্টোবর বিকাল ৪টায় বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার, ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রার্থীতা প্রত্যাহারের পর বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ধোপাদিঘিরপাড়ে ইউনাইটেড কমিউনিটি সেন্টারে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ, গণনা ও প্রাথমিক ফলাফল প্রকাশ।
ঘোষিত ফলাফলের বিষয়ে নির্বাচন আপিল বোর্ডের কাছে আপত্তি দাখিল করা যাবে ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।
ফলাফলের উপর দাখিলকৃত আপত্তির উপর শুনানি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ১০ নভেম্বর সন্ধ্যা ৬টায়। আর যদি ঘোষিত ফলাফলে কোনো আপত্তি দাখিল না হয়, তা হলে ওই দিন অপরাহ্নে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য হলেন, জেলা প্রশাসক কার্যালয় সিলেটের দুই সহকারী কমিশনার লাবণ্য ইসলাম ঋতু ও তানভীর হোসাইন সজিব।