টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে ৮টি ইঞ্জিনচালিত নৌকার

প্রকাশিত August 13, 2026
টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে ৮টি ইঞ্জিনচালিত নৌকার

সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বৃহস্পতিবার (১৩ আগস্ট/২৯ শ্রাবণ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা-ইসিএ টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইঞ্জিনচালিত ৮টি নৌকার ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের অপরাধে মামলা দায়ের করে এই জরিমানা ধার্য ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো সাইফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যরা।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী হাউজবোট ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এতে পর্যটকদের টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকা, জলজ ও স্থলজ জীববৈচিত্র্য এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো মোহাইমিনুল হক জানান, টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও রামসার সাইট। এ হাওরের জীববৈচিত্র্য, জলজ পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পর্যটক ও পর্যটনসংশ্লিষ্ট নৌযান পরিচালনাকারীদের পরিবেশ সংরক্ষণে বিদ্যমান আইন ও বিধিনিষেধ মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে পর্যটক ও স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। পিআইডি