শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে বাংলাদেশীয় চা সংসদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (১০ আগস্ট/২৬ শ্রাবণ) মন্ত্রীর অফিস কক্ষে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতকালে চা শিল্পের সার্বিক উন্নয়ন ও চা শ্রমিকদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
চা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়া নিয়ে মালিকপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এতে আগামী ৩০ আগস্টের মধ্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।
একই সাথে চা শিল্পের উৎপাদন বৃদ্ধি, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বাংলাদেশীয় চা সংসদের প্রতিনিধিগণ চা খাতের সার্বিক অগ্রগতিতে সরকারের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো আব্দুর রহমান তরফদার, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান কামরান তানভিরুর রহমান এবং সাধারণ সম্পাদক ড কাজি মুজাফার আহমেদও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি