গুপ্ত মামলা ও চাঁদাবাজির মাধ্যমে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ প্রবাসী পরিবারের

প্রকাশিত July 4, 2026
গুপ্ত মামলা ও চাঁদাবাজির মাধ্যমে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ প্রবাসী পরিবারের

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর উত্তর বালুচরের বাসিন্দা ও স্পেন প্রবাসী ছালেহা বেগমের অভিযোগ, একটি ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ‘গুপ্ত মামলা’, ভয়ভীতি ও হয়রানির মাধ্যমে তাদের বৈধভাবে কেনা বাড়ি দখলের চেষ্টা করছে।
শনিবার (৪ জুলাই/২০ আষাঢ়) সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ছালেহা বেগম বলেন, তিনি ও তার স্বামী ইংল্যান্ড প্রবাসী মো ফজর আলী প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে ২০১৮ সালে উত্তর বালুচরে একটি দোতলা বাড়ি ক্রয় করেন। রেজিস্ট্রি, নামজারি ও খাজনা পরিশোধের মাধ্যমে দীর্ঘদিন ধরে তারা সেই বাড়িটির ভোগদখলে রয়েছেন।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি মহানগরীর কাজীটুলা এলাকার জুয়েল আহমদ নিপুর নেতৃত্বাধীন একটি চক্র বাড়িটি দখলের উদ্দেশ্যে টাঙ্গাইলের শাহনাজ সিদ্দিকী ডোরা নামের এক নারীকে দিয়ে স্বত্ব মামলা দায়ের করায়। এই মামলায় তাদেরকে পক্ষভুক্ত না করেই রায় নেওয়া হয়েছে।
তিনি জানান, ২০২৫ সালের ১৩ নভেম্বর রায় কার্যকরে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও লোকজন নিয়ে তাদের বাড়িতে প্রবেশের চেষ্টা করা হয়। পরে তারা জেলা জজ আদালতে স্বত্ব আপিল মামলা দায়ের করলে সেই রায়ের কার্যকারিতা স্থগিত হয়ে যায়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আপিল মামলা চলমান অবস্থায় প্রতিপক্ষ বিভিন্ন সময় আপসের নামে অর্থ দাবি, প্রাণনাশ, অপহরণ ও গুমের হুমকি দিচ্ছে। এমনকি পরিবারের শিক্ষার্থী সদস্যদেরও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
ছালেহা বেগম অভিযোগ করেন, নিরাপত্তার স্বার্থে তারা থানায় সাধারণ ডায়েরি-জিডি করেছিলেন; কিন্তু যথাযথ তদন্ত ছাড়াই সেটার নিষ্পত্তি করা হয়েছে।
তিনি আরও জানান, উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগে জিডি করে আদালতে পাঠানো হয়েছে।
এ অবস্থায় তিনি পরিবার সহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লখ করে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।