শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা সরকারের মূল লক্ষ্য : মুক্তাদির

প্রকাশিত June 26, 2026
শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা সরকারের মূল লক্ষ্য : মুক্তাদির

হযরত শাহজালাল (র) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির নেতৃত্বে ১২ সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে।
শুক্রবার (২৬ জুন/১২ আষাঢ়) সকালে সিলেট সার্কিট হাউসে হযরত শাহজালাল (র) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
সম্প্রতি শাহজালাল (র) মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট নানামুখী আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে এই বৈঠকের আয়োজন করা হয়।
এতে দীর্ঘ আলোচনা শেষে দরগার সার্বিক উন্নয়ন ও দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে সবাই একমত হন।
বৈঠক শেষে খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের জানান, দরগার উন্নয়ন, দানের অর্থের ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমের একটি যৌক্তিক সমাধানে পৌঁছতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার বিষয়ে মাজার কর্তৃপক্ষসহ সবাই ঐক্যমতে পৌঁছেছেন। সবার মতামতের ভিত্তিতেই কমিটি গঠন করা হয়েছে, যা আগামী এক মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।
তিনি আরও স্পষ্ট করেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। তবে নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত আপাতত বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা করবে এবং তা মাজারের চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপিকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজার মাদরাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।
এর আগে সকালে সার্কিট হাউসে অনুষ্ঠিত একটি রুদ্ধদ্বার বৈঠকে দরগার ঐতিহ্য রক্ষা, বর্তমান ব্যবস্থাপনা পদ্ধতি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড মো জিললুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মু মাসুদ রানা, সিলেটের পুলিশ সুপার ড চৌধুরী মো যাবের সাদেক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সভা শেষে মন্ত্রী মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথি হিসেব অংশগ্রহণ করেন। পিআইডি সিলেট