শাল্লা প্রতিনিধি : ‘কৃষিই সমৃদ্ধি’প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় আমন প্রণোদনা হিসেবে চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন/১১ আষাঢ়) উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার ৬০০ জন চাষীকে বীজ ও প্রয়োজনীয় সার দেওয়া হচ্ছে। এর আওতায় প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ ও ২০ কেজি করে দুই ধরনের সার পাচ্ছেন।
এছাড়া বনজ প্রণোদনার আওতায় আরও ৫০ জন কৃষককে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো সিরাজুল ইসলাম সিরাজ ও যুগ্মআহ্বায়ক মো আব্দুল আউয়াল। সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভূতোষ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা সরকারের দেওয়া এই প্রণোদনা সঠিকভাবে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও স্বাবলম্বী হওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।