সিলেট জেলা বিএনপির সভাপতি, সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দেশপ্রেমিক সকল শক্তি আজ ঐক্যবদ্ধ। পতিত স্বৈরাচারী শক্তির দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।
সোমবার (২২ জুন/৮ আষাঢ়) রাতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের এক তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে রাত ৯টায় বন্দরবাজারে মধুবন মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, পতিত শক্তি দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন পুনরায় তারা নানা উসকানি ও ষড়যন্ত্রের মাধ্যমে পুনরুত্থানের চেষ্টায় লিপ্ত। তারা দেশে নাশকতা সৃষ্টি করতে চাইছে। তবে দেশের সচেতন জনগণকে সাথে নিয়ে যে কোনো মূল্যে তাদের এই অপচেষ্টা প্রতিহত করা হবে।
তিনি বলেন, জনগণের রক্তে অর্জিত এই স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করার ক্ষমতা কারও নেই। যে কোনো মূল্যে দেশের গণতন্ত্র সুরক্ষিত করা হবে এবং দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের রাজনৈতিক ও আইনি—উভয়ভাবেই মোকাবিলা করা হবে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশ যখন পুনর্গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন পরাজিত শক্তি পেছনের দরজা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ছাত্রদলসহ বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে তাদের সকল চক্রান্ত রুখে দিতে প্রস্তুত রয়েছে।
সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, জেলা ছাত্রদলের সহসভাপতি কামরান আহমেদ, জুনেল আহমদ ও এনামুল কবির চৌধুরী সোহেল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের যুগ্মসম্পাদক আজহার আলী অনিক, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম অপু, খায়রুল ইসলাম দোয়েল, মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আবুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান, মিজান, জহিরুল ইসলাম আলাল, আফজাল হোসেন, মোফাজ্জল চৌধুরী মোরশেদ, খালেদুর রহমান সানি, এমসি কলেজ ছাত্রদলের সভাপতি আজহারুল ইসলাম শামী, মদনমোহন কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপু, এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনায়েদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি