নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, শাল্লা উপজেলার ফয়জুল্লাপুর এলাকার ছাদির হোসেন (৩৮) পূর্ব বিরোধের জের ধরে গত ২৯ মে বিকেলে শিশুদের ফুটবল খেলার তুচ্ছ বিষয় নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন।
পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান।
এ ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে শাল্লা থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে মামলার আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও র্যাব-৭, সিপিসি-৩, চান্দগাঁও, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল বুধবার (১৭ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরে ১ নম্বর রেল গেইট এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুমন মিয়াকে (২৫, পিতা বাবুল মিয়া, ফয়জুল্লাপুর, শাল্লা, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।