নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র্যাব সদস্যদের উপর সংঘবদ্ধ হামলার ঘটনায় অভিযুক্ত আরও ৩ জনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, গত ১১ মে আনুমানিক বিকেল ৪টায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের জন্য নবীনগর উপজেলা হয়ে বাঞ্চারামপুর উপজেলায় যাওয়ার সময় নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে পৌঁছামাত্র সফিক ডাকাতের নেতৃত্বে র্যাব সদস্যদের মোটরসাইকেল থামিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়।
ডাকাত দল র্যাব সদস্যদের পরিচয় পেয়ে আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাদেরকে একটি বাড়িতে আটকে রেখে বেধড়ক মারধর করে।
পরবর্তী সময়ে র্যাবের একটি আভিযানিক দল গ্রামবাসীর সহায়তায় অবরুদ্ধ র্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় র্যাবের এক সদস্য বাদি হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার (১৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে খাগাতুয়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যদের উপর সংঘবদ্ধ হামলার মামলায় তদন্তে প্রাপ্ত ৩ পলাতক আসামি একই গ্রামের রিমা আক্তার (২৪, পিতা আব্দুল কাদির), মোসলেম মিয়া (৫২, পিতা মৃত লিল মিয়া) ও মোকলেছ মিয়াকে (৫৫, পিতা মৃত লিল মিয়া) গ্রেফতার করে।
উল্লেখ্য, মামলার অপর ৬ আসামিকে র্যাব-৯ আগে গ্রেফতার করে। এ নিয়ে ৯ জন গ্রেফতার হলো।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে নবীনগর থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।