ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সিসিক প্রশাসকের শোক

প্রকাশিত June 14, 2026
ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সিসিক প্রশাসকের শোক

‎নিজস্ব প্রতিবেদক : সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রখ্যাত আলেম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
‎এক শোকবার্তায় আরিফুল হক চৌধুরী বলেছেন, “মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলের মানুষের এক পরম শ্রদ্ধেয় অভিভাবক। শিক্ষা বিস্তার, দ্বীনি দাওয়াত ও সমাজসেবায় তার অনন্য অবদান এ অঞ্চলের মানুষ দীর্ঘকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ জননেতা এবং প্রাজ্ঞ আলেমকে হারালাম, যা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
‎মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মকামে স্থান দান করেন এবং তার পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করেন।
মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেছেন, সমাজসেবা ও ধর্মীয় শিক্ষায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সিলেটের মানুষ একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারালো।
সিসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার (১২ জুন) দিনগত রাত দেড়টার দিকে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।