সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-চট্ট-৭০৭) হুমায়ুন রশিদ চত্বর উপ পরিষদের বর্তমান কার্যকরী কমিটির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ এনে ৭৭ জন সাধারণ শ্রমিক জেলা কমিটির কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় মহানগরীর ভার্থখলা স্টেশন রোডে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-চট্ট-৭০৭) জেলা শাখায় এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে সাধারণ শ্রমিকরা উল্লেখ করেন, সংগঠনের হুমায়ুন রশিদ চত্বর উপ পরিষদ সভাপতির আকস্মিক মৃত্যুতে উপ পরিষদের সাধারণ শ্রমিকবৃন্দ এখন প্রায় দিশেহারা। বহিরাগত ও এলাকার প্রভাব খাটিয়ে সাধারণ শ্রমিকদের জিম্মি করার অপচেষ্টায় একটি কুচক্রি মহল সক্রিয়। হামলা-মামলা এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। প্রভাবশালী এ চক্রের মদদে বর্তমান কার্যকরী কমিটির দু-একজন সদস্য সাংগঠনিক আইন কানুনের তোয়াক্কা না করে সংগঠনের অর্থ বিভিন্নভাবে লুটে নিচ্ছেন। নানা অজুহাতে জেলা কার্যকরী কমিটির নামে ভাউচারের মাধ্যমে নামে বেনামে হাতিয়ে নেওয়া হচ্ছে উপ পরিষদের হাজার হাজার টাকা। ফলে সুনাম ক্ষুন্ন করা হচ্ছে জেলা কার্যকরী কমিটিরও। এমন পরিস্থিতিতে যে কোন অঘটনের আশংকা বিরাজমান; কিন্তু বিগত দিনে বাস টার্মিনালের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটুক সাধারণ শ্রমিকবৃন্দ তা চায়না। এমন পরিস্থিতিতে সাধারণ শ্রমিকদের নিরাপত্তা ও সঠিক সাংগঠনিক ধারা অব্যাহত রাখার প্রয়োজনে বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত করে সদস্য শ্রমিকদের উপস্থিতি ও সমর্থনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কোন বিকল্প নেই। সংবাদ বিজ্ঞপ্তি