জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে আরিফুল হক চৌধুরীর বৈঠক

প্রকাশিত June 11, 2026
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে আরিফুল হক চৌধুরীর বৈঠক

আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলওর মহাপরিচালক গিলবার্ট হুংবোর সঙ্গে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের মন্ত্রী শোভন কাজ, সামাজিক ন্যায়বিচার ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আইএলওর নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন।
তিনি গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতীয় আইন ও নীতিমালাকে আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চলমান উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
মন্ত্রী বৈশ্বিক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশেষভাবে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশে আইএলওর সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।
বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশ এ পর্যন্ত ৩৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে এবং এশিয়ার প্রথম দেশ হিসেবে সকল মৌলিক আইএলও কনভেনশন অনুসমর্থনের স্বীকৃতি অর্জন করেছে।
তিনি শ্রম খাত সংস্কার, শ্রম অধিকার সংস্কার কমিশন গঠন, ত্রিপক্ষীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন ও জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের মাধ্যমে শ্রম আইন সংশোধনের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে দায়েরকৃত আর্টিকেল ২৬ মামলার ইতিবাচক ও সমঝোতাপূর্ণ নিষ্পত্তির প্রত্যাশা ব্যক্ত করেন।
আরিফুল হক চৌধুরী আইএলও মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের চলমান শ্রম খাত সংস্কার কার্যক্রম, ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ ও শ্রমিক কল্যাণে গৃহীত উদ্যোগসমূহ সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানান।
আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন।
তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং সম্ভাব্য সফরের বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ শ্রম অধিকার, সামাজিক ন্যায়বিচার, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই শ্রম ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো আব্দুর রহমান তরফদার সহ প্রতিনিধি দলের সদস্য ও জেনেভা মিশনের কর্মকর্তাগণ। পিআইডি