সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বিশেষ করে সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বুধবার (৩ জুন/২০ জ্যৈষ্ঠ) বিকেলে বাংলাদেশ ক্বওমি ব্লাড ডোনার পরিষদ, সিলেট বিভাগের প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আয়োজিত সম্মেলনে সিসিক প্রশাসক আরও বলেন, স্বাস্থ্যসেবা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার খাত। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও সেবার পরিধি সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনও নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি উল্লেখ করেন।
সংগঠনের সিলেট বিভাগীয় শাখার সভাপতি হাফিজুর রহমান মিছবাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের সিলেট বিভাগীয় টিমের পরিচালক সামিরুল হক বাছির মাহমুদ ও সাধারণ সম্পাদক আল হাবিব আহমদ মাসুমসহ অন্যান্য নেতা। সংবাদ বিজ্ঞপ্তি