সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শুরুর দাবি নাগরিক কমিটির

প্রকাশিত May 31, 2026
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শুরুর দাবি নাগরিক কমিটির

সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নে নির্ধারিত স্থানে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ অবিলম্বে শুরুর দাবি জানিয়েছে।
শনিবার (৩০ মে) রাতে মহানগরীর স্টেশন রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় গৃহীত এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণকৃত ভূমি জেলা প্রশাসন বেশ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করলেও আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে এর নির্মাণকাজ শুরু করা হচ্ছে না, যা নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে।
প্রস্তাবে যত দ্রুত সম্ভব নির্মাণকাজ শুরু করে জনমনে সৃষ্ট সংশয় দূর করার আহবান জানিয়ে এ ব্যাপারে সিলেট-১ আসনের সংসদ সদস্য বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো আব্দুল মালিকের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এছড়াও সভায় দক্ষিণ সুরমা উপজেলা সহ সুরমা নদীর দক্ষিণ পারের জনপদের পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন, আধুনিকায়ন, নদী, খাল, নালা, বিল ও উন্মুক্ত জলাশয় সংস্কার, পলি পড়ে ভরাট ও ভূমিখেকো চক্রের জবরদখলে ক্ষীণ হয়ে যাওয়া বা বিলুপ্ত জলপথ নদী-খাল উদ্ধার করে পুনঃখনন, সিলেট-ঢাকা ৬ লেন হাইওয়ের নির্মাণকাজ দ্রুততর করা এবং সিলেট-ঢাকা রেললাইনকে ডাবল লাইনে উন্নীত করার দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতাকালীন সদস্য আব্দুল আহাদ। প্রতিষ্ঠাতাকালীন সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতাকালীন সদস্য জাহাঙ্গীর খান। আলোচনায় অংশ সদস্য ফরিদুর রহমান, আব্দুল মালেক তালুকদার, নূরুল ইসলাম সুমন, শেখ মো লায়েক মিয়া, মো ছয়েফ খান, মো ফখরুল হাসান, মো সানোয়ার আলী, মো খলিল মিয়া, তনজুল আহমদ চিশতি, মো রাজু আহমদ, জমির হোসেন, আব্দুস সামাদ রুবেল, মো বাবর মিয়া প্রমুখ।
সভায় আব্দুল আহাদকে আহবায়ক, চঞ্চল মাহমুদ ফুলরকে সদস্য সচিব এবং উপস্থিত সকলকে সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
পরবর্তী সময়ে এই আহবায়ক কমিটিতে আরো নতুন সদস্য কো-অপ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি