ঢাকা হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ব্যবস্থাপনা আধুনিক ও গতিশীল করতে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে/১৭ জ্যৈষ্ঠ) দুপুরে ঢাকায় বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আমদানি-রপ্তানির ক্ষেত্রে কার্গো পরিবহনের প্রতিবন্ধকতা দূর ও রপ্তানিমুখী পণ্য পরিবহনের চ্যালেঞ্জ নিরসনে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় আমদানিকৃত পণ্য যাতে দ্রুত খালাস করা যায়, সেই বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ ও সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের রপ্তানি বাণিজ্য বাড়াতে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি