শাল্লার ইছাকপুরে সংঘর্ষে আহত এক নারীর মৃত্যু || পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রকাশিত May 28, 2026
শাল্লার ইছাকপুরে সংঘর্ষে আহত এক নারীর মৃত্যু || পরিস্থিতি নিয়ন্ত্রণে

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইছাকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত এক নারী মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়ালো।
গত ২৬ মে দুপুরে গ্রামের সাইদুর রহমান ও শফি মিয়া (শফিউল মেম্বার) পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পায়েল মিয়া নামে এক যুবক নিহত ও নারী সহ কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তাহেরা বেগমকে (৩২) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাল্লা থানার এসআই শওকত আলী এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শাল্লা থানার ওসি মো রোকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। এদিকে এলাকায় স্থায়ী শান্তি বজায় রাখতে এলাকাবাসী প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।