আজ ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা || প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত May 27, 2026
আজ ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা || প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : আজ ১০ জ্বিলহজ (২৮ মে/১৪ জ্যৈষ্ঠ), বৃহস্পতিবার ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল এই উৎসবকে ‘কোরবানির ঈদ’ নামেও অভিহিত করা হয়।
ঈদুল আজহায় সকালে ঈদগা, খোলা মাঠ বা মসজিদে জামাতে দুই রাকাত নামাজ আদায় শেষে মুসলমানরা সামর্থ অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, উট বা দুম্বা কোরবানি দেন।
প্রতিবছর ঈদুল আজহার প্রাক্কালে হজ পালিত হয়। এ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান পবিত্র কাবা শরীফে সমবেত হন।
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বিঘ্নে ঈদের জামাত সম্পন্ন করতে নেওয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা। আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে মসজিদগুলোকে জামাতের জন্যে প্রস্তুত রাখা হয়েছে।
সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগায় সকাল ৮টায়। এছাড়া হজরত শাহজালাল (র) দরগায় সকাল ৮টায় (দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে দ্বিতীয় জামাত সকাল ৯টায়), হজরত শাহপরান (র) দরগায় সকাল ৮টায়, আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে সরকারি আলিয়া মাদরাসা ময়দানে সকাল সাড়ে ৭টায়, কুদরত উল্লাহ জামে মসজিদে (৩টি জামাত) সকাল ৭টায়, সকাল ৮টায় ও সকাল ৯টায় এবং কালেক্টরেট জামে মসজিদে সকাল ৬টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সকাল ৬টা থেকে ৯টার মধ্যে সকল জায়গায়ই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের কিছু এলাকায় বুধবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে।