শাল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত নারীসহ কয়েকজন

প্রকাশিত May 27, 2026
শাল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত নারীসহ কয়েকজন

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পায়েল মিয়া নামে এক যুবক নিহত এবং নারীসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মে/১৩ জ্যৈষ্ঠ) দুপুরে গ্রামের সাইদুর রহমান পক্ষ ও শফি মিয়া পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ ঘটে বলে দাবি করা হয়েছে।
এলাকাবাসী জানান, গত বছরও একই বিষয় নিয়ে এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
নিহত পায়েল মিয়া ইছাকপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। সংঘর্ষে গুরুতর আহত একই গ্রামের তাহেরা বেগম (৩২) ও আলকাস মিয়াকে (৫০) প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়; কিন্তু তাদের অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাইদুর রহমান অভিযোগ করেন, পরিস্থিতি বুঝে ওঠার আগেই প্রতিপক্ষ শফি মিয়ার লোকজন তাদের ওপর হামলা চালিয়ে পায়েল মিয়াকে হত্যা ও অন্যদের আহত করে।
অন্যদিকে শফি মিয়ার পক্ষের আওয়াল নূর দাবি করেন, মারামারির কোনো ঘটনাই ঘটেনি বরং তাদেরকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষ নিজেরা এ ঘটনা ঘটিয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মো রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।