কর্মরত অবস্থায় মারা যাওয়া সিসিকের দুই কর্মীর পরিবার পেলো ১৬ লাখ টাকা

প্রকাশিত May 23, 2026
কর্মরত অবস্থায় মারা যাওয়া সিসিকের দুই কর্মীর পরিবার পেলো ১৬ লাখ টাকা

সিলেট সিটি কর্পোরেশন-সিসিকের কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী দুই কর্মচারীর পরিবারকে সিসিক নিজস্ব তহবিল থেকে ৮ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা অনুদান দিয়েছে।
শনিবার (২৩ মে/৯ জ্যৈষ্ঠ) সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মৃত কর্মীদের স্ত্রীদের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
অনুদানের চেক গ্রহণ করেন, পানি শাখার পাম্প অপারেটর প্রয়াত হাসান মাহমুদ মাসুমের স্ত্রী সেলিনা আক্তার ও পরিবহন শাখার গাড়ি চালক প্রয়াত মো আব্দুল হান্নানের স্ত্রী রোমানা বেগম।
এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা সিসিকের মূল চালিকাশক্তি। কর্মরত অবস্থায় কোনো সহকর্মীর অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাদের পরিবারের এই অপূরণীয় ক্ষতি অর্থের পরিমাপে পূরণ করা সম্ভব নয়। তবে সিসিক সবসময় তার কর্মীদের কল্যাণে এবং যেকোনো দুর্যোগে পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। কর্মচারীদের স্বার্থ ও কল্যাণ সুরক্ষা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।”
সিসিকের কর্মীদের আন্তরিকভাবে নগরবাসীর সেবা করার অনুরোধ জানিয়ে সিসিক প্রশাসক বলেন, “আমরা সবাই নগরবাসীর সেবক। তাই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। নাগরিক সেবার মান যত বাড়বে, সিসিকের ভাবমূর্তিও তত উজ্জ্বল হবে।”
চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিকের কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলু, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো মফিজ আলী, মো ফয়জুর রহমান, মো মাহবুবুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি