বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রচার কার্যক্রমের আওতায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে/৩ জ্যৈষ্ঠ) মহানগরীর শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড মো দিদার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নৈতিকতা মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। সততা, দায়িত্ববোধ, শৃঙ্খলা, সহমর্মিতা ও দেশপ্রেমের মতো মূল্যবোধ একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, যাতে নতুন প্রজন্ম জ্ঞান অর্জনের পাশাপাশি সৎ, আদর্শবান ও মানবিক নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
ড দিদার চৌধুরী শিক্ষার্থীদের মাদক, দুর্নীতি, গুজব ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে নৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মাটি ক্ষয়রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।
তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে গাছের চারা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পিআইডি