প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশ থেকে আরো কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।
রবিবার (১৭ মে/৩ জ্যৈষ্ঠ) মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আরিফুল হক চৌধুরী দুবাই থেকে আগত প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে।
তিনি এই পুরো প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
মন্ত্রী দুবাই গমনের পর প্রশিক্ষণকালীন সময়ে তাদেরকে বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে প্রতিষ্ঠানটিকে অনুরোধ করেন।
একই সাথে তিনি চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সদের মতো ‘হোয়াইট কলার’ বা পেশাজীবী কর্মী নিয়োগের জন্য প্রতিনিধি দলকে আহ্বান জানান।
সাক্ষাৎকালে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮ হাজার জনই বাংলাদেশী। বাংলাদেশী কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাদেরকে অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলতার সাথে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন।
প্রতিনিধি দলটি আরো জানায়, আগামীকাল থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাতকারের মাধ্যমে যোগ্য বাংলাদেশী চালকদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে এবং এই দফায় নতুন করে ১ হাজার ৫০০ চালকসহ এবছর ৬ হাজার চালক নিয়োগ দিতে তারা আগ্রহী।
এ সময় সংযুক্ত আরব আমিরাতের এই কোম্পানিতে কর্মী পাঠানোর একমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসিজ’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তারা জানান, চালক ছাড়াও বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক হিসেবে কর্মী নেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে।
এই লক্ষ্য বাস্তবায়নে তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরু, সচিব মো মোখতার আহমেদ ও দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন প্রতিনিধি দলসহ মন্ত্রণালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। পিআইডি