বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ মালামাল জব্দ

প্রকাশিত May 15, 2026
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪৩ লাখ টাকার বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ মে/১ জ্যৈষ্ঠ) ১৯ বিজিবির সুরাইঘাট বিওপি, লোভাছড়া বিওপি ও জৈন্তাপুর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭৮৫ কেজি চিনি, ৬৮ কেজি চা পাতা, ১টি গরু ও ১৩ হাজার পাতার বিড়ি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ২ লাখ ৩০ হাজার ৯৫০ টাকা।
এর আগে বৃহস্পতিবার (১৪ মে) আনুমানিক রাত সোয়া ১১টায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার বালিধারা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭৭০ কেজি ভারতীয় জিরা ও ১টি বাংলাদেশী পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৪১ লাখ ২৪ হাজার টাকা।
সব মিলিয়ে ৪৩ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয় বলে বিজিবি জানিয়েছে।