শাল্লায় শিক্ষা প্রসারের অন্যতম অগ্রদূত উপেন্দ্র কুমার দাসের প্রয়াণ

প্রকাশিত May 14, 2026
শাল্লায় শিক্ষা প্রসারের অন্যতম অগ্রদূত উপেন্দ্র কুমার দাসের প্রয়াণ

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শিক্ষা প্রসারের অন্যতম অগ্রদূত, গিরিধর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উপেন্দ্র কুমার দাস আর নেই। বৃহস্পতিবার (১৪ মে/৩১ বৈশাখ) সকালে উপজেলা সদরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
উপেন্দ্র কুমার দাস উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তবে দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে বসবাস করছিলেন উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁওয়ে। হাওর অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়াতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। তার হাতে গড়া হাজারো শিক্ষার্থী দেশে ও প্রবাসে সুপ্রতিষ্ঠিত। বিনয়ী স্বভাব ও অগাধ পাণ্ডিত্যের সুবাদে তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।
তার প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
বিকেলে তার গ্রাম কাশিপুরের মহাশ্মশান ঘাটে ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয়।