র‌্যাবের অভিযানে সিলেটে থেকে ৫ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ৪

প্রকাশিত May 14, 2026
র‌্যাবের অভিযানে সিলেটে থেকে ৫ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার বেশি জালনোটসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট ও সাধারণ মানুষকে প্রতারিত করতে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে জাল টাকার কারবার চালিয়ে আসছে। বিশেষ করে বিভিন্ন উৎসব বা জনসমাগমকে কেন্দ্র করে এই চক্র সক্রিয় হয়ে ওঠে। তাই আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অন্যান্য বছরের মতো র‌্যাব নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।
এর অংশ হিসেবে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (১২ মে) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাত পৌণে ১২টার দিকে শাহজালাল (র) মাজার গেইটে এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করে।
পরে তার দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টায় মহানগরীর লালবাজার এলাকার হোটেল আলী (আবাসিক) থেকে আরো ৩ জনকে আটক এবং একই কক্ষ থকে ৫ লাখ ২ হাজারর ৭০০ টাকার জালনোট উদ্ধারসহ ৪ জনকেই গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো গুরু চাঁদ বালা (৩৮, পিতা মৃত ঠাকুরচাঁদ বালা, পীরের বাড়ী, কোটালীপাড়া, গোপালগঞ্জ), শফিকুল ইসলাম (৩৫, পিতা মো হাবুল মিয়া, লগারপাড়া, নালিতাবাড়ী, শেরপুর), মো সোহাগ সরদার (৩৩, পিতা আব্দুল বারেক সরদার, হাদি বাঁশকাঠি, বাবুগঞ্জ, বরিশাল) ও মো রাশেদ মিয়া (৩০, পিতা মো কুদ্দুস আলী, নগরপাড়া, নালিতাবাড়ী, শেরপুর)।
জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কৌশল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। যেমন তারা সাধারণত জনবহুল বাজার ও ছোট ছোট দোকানকে টার্গেট করে কম মূল্যের কোনো পণ্য কেনাকাটার অজুহাতে বড় অংকের জাল নোট (যেমন ৫০০ বা ১০০০ টাকার নোট) দোকানিকে দিতো। উদ্দেশ্য থাকতো দোকানির নিকট থেকে আসল টাকা ‘ভাংতি’ হিসেবে ফেরত নেওয়া। এভাবেই তারা এই জাল নোট বাজারে ছড়িয়ে দিতো।