শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সুরমা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবক মো জহুরুল ইসলামের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ মে/৩০ বৈশাখ) দুপুর ১২টার দিকে শ্রীহাইল হোসেনপুর সংলগ্ন ‘খরচ বাগান’ এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। সে উপজেলার শ্রীহাইল (ছিতার কান্দি) গ্রামের মো মালেক মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে জহুরুল ইসলাম নিজ গ্রাম থেকে নৌকাযোগে শাল্লার উদ্দেশ্যে রওনা হন; কিন্তু পথিমধ্যে ‘খরচ বাগান’ এলাকায় পৌঁছলে নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যান। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।
নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং এলাকার লোকজন দীর্ঘ সময় আপ্রাণ চেষ্টা চালিয়েও তার সন্ধান পাননি। অবশেষে নিখোঁজ হওয়ার স্থান সংলগ্ন এলাকায় প্রায় ২৪ ঘণ্টা পর তার নিথর দেহ ভেসে উঠলে গ্রামবাসী ও স্বজনরা নদী থেকে মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
ছবি : সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত।