নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অভিযান চালিয়ে প্রায় সোয়া ৩৬ লাখ টাকার ভারতীয় জিরা, গরু, চিনি ও পান জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে বিজিবি সিলেট সেক্টরের কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৬৩ কেজি ভারতীয় জিরা ও ১টি বাংলাদেশী পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ২৩ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা।
এছাড়া একইদিন ও পরদিন (১৩ মে/৩০ বৈশাখ) লোভাছড়া বিওপি, গুয়াবাড়ি বিওপি ও সুরাইঘাট বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৬৮০ কেজি চিনি, ৩টি গরু ও ১০৫ বিরা পান আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ১২ লাখ ২৯ হাজার ১০০ টাকা।