সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতি চর্চার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। দেশভাগের আগে থেকেই এ অঞ্চলে সাহিত্য-সংস্কৃতির যে ধারা শুরু হয়েছিল তা এখনও অব্যাহত রয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকার সাহিত্য-সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডকে সর্বদা সমর্থন দিয়ে আসছেন।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রবিবার (১০ মে/২৭ বৈশাখ) প্রকাশক পরিষদ, সিলেট আয়োজিত ‘সিলেট বইমেলা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, “আমরা সবসময় সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করি। তাই এ ধরনের কর্মকাণ্ডে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আমরা ব্যথিত হই। সিলেটে বইমেলার আয়োজন হয়েছে-এটি অত্যন্ত আনন্দের বিষয়। আমি আশা করি, এই বইমেলা প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।”
তিনি আরো বলেন, সিলেটে সাহিত্য-সংস্কৃতির বিকাশে সিটি কর্পোরেশন সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে। বইমেলা আয়োজনসহ এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ বাস্তবায়নে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি নাজমুল হক নাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো এবং প্রবাসী ব্যবসায়ী জাবেদ আহমেদ। সঞ্চালনায় ছিলেন জান্নাতুল নাজনীন আশা। সংবাদ বিজ্ঞপ্তি