সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণকে চাকরির ব্যাপারে আশ্বস্ত করেছেন।
মঙ্গলবার (৫ মে/২২ বৈশাখ) চাকরি নিয়ে অনিশ্চয়তা দূরীকরণে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রকল্পের ১১৩ জন কর্মীর পক্ষে ২২ জন তার কাছে স্মারকলিপি দিতে গেলে তিনি তাদেরকে আশ্বস্ত করেন।
স্মারকলিপিতে নগর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন ধরে পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখা ও সংশ্লিষ্ট জনবলের কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
সিসিক প্রশাসক সেবাকেন্দ্রগুলোর কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়ে কর্মীদেরকে নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।
স্মারকলিপিতে হেলথকেয়ার কর্মীরা উল্লেখ করেন, ২০০৭ সাল থেকে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের আওতায় নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রসমূহে নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এ সময়ের মধ্যে লাখো মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন, যার একটি বড় অংশকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি মাতৃসেবা, ডেলিভারি সেবা ও প্রাথমিক চিকিৎসাসহ নানা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়ে আসছে।
আরো উল্লখে করা হয়, বর্তমানে প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হওয়া, বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত ও স্বাস্থ্য কেন্দ্রসমূহ হস্তান্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সেবা কার্যক্রম ও কর্মরত জনবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে বিগত কয়েক মাস ধরে বেতন-ভাতা বকেয়া থাকা সত্ত্বেও কর্মীরা মানবিক দায়বদ্ধতা থেকে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তারা সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকায় বিদ্যমান জনবলকে সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার এবং বিষয়টি সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে উপস্থাপনের জন্য প্রশাসকের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আরবান হেলথ কার্যক্রম নগরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পের স্বাস্থ্যকেন্দ্রগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অবশ্যই এসব স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হবেনা। সেবাকেন্দ্রগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। কারো চাকরিও যাবেনা।
প্রশাসক বলেন, সরকার এবং সিটি কর্পোরেশন সবসময় জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি সহানুভূতিশীল। তাই স্বাস্থ্যকর্মীদের চাকরি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সংবাদ বিজ্ঞপ্তি