নিজস্ব প্রতিবেদক : সিলেট থেকে এবারো সরাসরি হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে। আর কয়েক ঘণ্টা পরেই আকাশে ডানা মেলবে বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি। ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রবিবার (৩ মে/২০ বৈশাখ) দিনগত রাত ১টা ২৫ মিনিটে ৪১৯ জন হজ্বযাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে।
ইতোমধ্যে হজ্বযাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে হজ্ব এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ-হাব সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ জানিয়েছেন।
দুপুরে মহানগরীর জেল রোডে আনন্দ টাওয়ারে হাব অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছরও সিলেট থেকে মোট ৭টি হজ্ব ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে একটি মনিলা ও অন্য ৬টি ফ্লাইট জেদ্দা যাবে। ফ্লাইটের তারিখ হলো ১৪ মে, ১৫ মে, ১৬ মে, ১৭ মে (২টি ফ্লাইট) ও ১৮ মে।
এবছর সিলেট অঞ্চলের মোট হজ্বযাত্রী ৩ হাজার ৩৯৪ জন। এর মধ্যে ২ হাজার ৯৩৩ জন সিলেট থেকে এবং অবশিষ্ট ৪৬১ জন, যারা ঢাকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা করিয়েছেন তারা সিলেট থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সৌদি আরব যাবেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় এবার ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকা ও সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন হবে; কিন্তু সিলেট থেকে গমণকারী সকল হজ্বযাত্রীর আগমনী ইমিগ্রেশন সৌদি আরবেই সম্পন্ন হবে।