নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব প্রধানমন্ত্রীর সিলেট সফরের দিন শনিবার (২ এপ্রিল) সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে ১০ ছিনতাইকারীকে গ্রেফতার এবং ছোরা ও ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
এই ছিনতাইকারীদের মধ্যে ৯ জনই জনসমাগমকে উদ্দেশ্য করে নারায়নগঞ্জ থেকে সিলেটে এসে অন্যজনকে সঙ্গী করে দুটি ভাগে ভাগ হয়ে ছিনতাইয়ে নামে।
র্যাব-৯ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৯, সিলেটের একটি চৌকস আভিযানিক দল বিকেল সাড়ে ৫টার দিকে জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ ছিনতাইকারী দ্রুত পালানোর চেষ্টা করে; কিন্তু র্যাব সদস্যরা তাদেরকে চারদিকে ঘিরে ফেলে গ্রেফতার করেন।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা সোয়া ৭টার দিকে আম্বরখানা এলাকার সানরাইজ হোটেলের ২০২ নম্বর কক্ষ থেকে অস্ত্রশস্ত্র ও ছিনতাইকৃত ২টি মোবাইল ফোনসহ আরো ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মো রনি (২৪, পিতা মো রুহুল আমীন, নন্দীপাঁড়া, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ), মো অপু (৩২, পিতা মৃত আনোয়ার হোসেন, মারুরারচক, চুনারুঘাট, হবিগঞ্জ), মো রাসেল (২৮, পিতা মো সিরাজ, নন্দীপাড়া, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ), শাহাজালাল বেপারী (২৯, পিতা মো রতন বেপারী, চন্দীতলা কবরস্থানপট্টি, বন্দর, নারায়ণগঞ্জ), মো আজিজুর রহমান (২৪, পিতা মৃত আব্দুর রহমান, আদখানি, কমলগঞ্জ, মৌলভীবাজার), আবু বকর (২৪, পিতা ওমর আলী, নন্দীপাড়া, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ), মো জিহাদ হোসেন (২৮, পিতা বাচ্চু ভূঁইয়া, নন্দীপাড়া, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ), মো নূর ইসলাম (৪০, পিতা মৃত রহমান আলী, কাশিপুর, নারায়নগঞ্জ সদর, নারায়নগঞ্জ), মো সিয়াম হোসেন (২১, পিতা জামাল হোসেন, নন্দীপাড়া, দেবক আখড়া, নারায়নগঞ্জ সদর, নারায়নগঞ্জ) ও মো নাজমুল ইসলাম (২৬, পিতা মো মুকুল কাজী, দেওভোগ ভূঁইয়ারবাগ, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।