প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর সফলভাবে সম্পন্ন হওয়ায় সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
শনিবার (২ মে) এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর সিলেটবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন উন্নয়ন থেকে পিছিয়ে থাকা সিলেট এখন নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। প্রধানমন্ত্রীর সরাসরি সম্পৃক্ততায় সিলেটের উন্নয়নে গতি আসবে—এমন প্রত্যাশাই ছিল নগরবাসীর, যা এই সফরের মাধ্যমে বাস্তব রূপ পেতে শুরু করেছে।
তিনি উল্লেখ করেন, সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। পাশাপাশি সিলেটের সার্বিক উন্নয়নে আরো বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের দৃশ্যপট আমূল বদলে যাবে।
নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ সফল করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিসিক প্রশাসক বলেন, “আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের আয়োজন অত্যন্ত সফল হয়েছে। ভবিষ্যতেও সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
এছাড়া অনুষ্ঠান সফল করতে অক্লান্ত পরিশ্রম করা সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংবাদ বিজ্ঞপ্তি