র‌্যাবের অভিযানে দিরাইর আহাদ নূর হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

প্রকাশিত May 2, 2026
র‌্যাবের অভিযানে দিরাইর আহাদ নূর হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের দিরাই উপজেলার আহাদ নূর হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব জানায়, উপজলার সাদিরপুর গ্রামের আহাদ নূরের সাথে প্রতিপক্ষের দীর্ঘদিন যাবত নানা বিষয় নিয়ে বিরোধ ও মামলা চলছিল।
এমন পরিস্থিতিতে গত ৮ এপ্রিল আহাদ নূরের ধান শুকানোর খলার উপর দিয়ে প্রতিপক্ষের মাটি বোঝাই গাড়ি যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
পরে আশেপাশের লোকজন আহাদ নূরকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামিদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও র‌্যাব-১৪, সদর কোম্পানি, ময়মনসিংহের একটি যৌথ আভিযানিক দল শুক্রবার (১ মে) আনুমানিক রাত পৌণে ৩টায় নেত্রকোনার আটপাড়া উপজেলার কুলশ্রী এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সাদিরপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫, পিতা আব্দুল খালেক) ও মোজাম্মেলকে (৪০, পিতা মৃত আত্রম আলী) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।