প্রধানমন্ত্রী সিলেট আসছেন আজ || উদ্বোধন করবেন বিভিন্ন উন্নয়ন প্রকল্প

প্রকাশিত May 2, 2026
প্রধানমন্ত্রী সিলেট আসছেন আজ || উদ্বোধন করবেন বিভিন্ন উন্নয়ন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সিলেট আসছেন। এই সফরকালে তিনি এখানে উদ্বোধন করবেন বিএনপির নির্বাচনী অঙ্গীকার ও জনপ্রত্যাশা পূরণে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প। সরকার প্রধানের সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রী সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছবেন। সকাল সাড়ে ১০টায় জিয়ারত করবেন হযরত শাহজালাল (র) মাজার। এরপর সকাল ১১টায় তিনি সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনীঘাটে মহানগরীর জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি কর্পোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগদান করবেন।
দুপুর পৌণে ১২টায় প্রধানমন্ত্রী বাসিয়া নদী খনন কর্মসূচি উদ্বোধন করতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মাসুকগঞ্জে যাবেন। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’।
এরপর বিকেল ৫টায় বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমান জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপির সভায় যোগদান করেন।
সন্ধ্যা ৭টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশ পথে প্রধানমন্ত্রী রাজধানীর উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।