হবিগঞ্জে আকস্মিক বন্যায় ৭ হাজার হেক্টর বোরো জমির পাকা ধান পানির তলে

প্রকাশিত May 1, 2026
হবিগঞ্জে আকস্মিক বন্যায় ৭ হাজার হেক্টর বোরো জমির পাকা ধান পানির তলে

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে আকস্মিক বন্যায় প্রায় ৭ হাজার হেক্টর বোরো জমির পাকা ধান তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হতে পারে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) দীপক কুমার পাল আশঙ্কা প্রকাশ করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হলো বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই। তলিয়ে যাওয়া জমির মধ্যে প্রায় ৫ হাজার ৬৩০ হেক্টর পুরোপুরি এবং দেড় হাজার হেক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরো ৪ হাজার হেক্টর জমির পাকা ধান ঝুঁকির মধ্যে রয়েছে। পানি বাড়লে এসব জমিও তলিয়ে যেতে পারে।
এবার হবিগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ১ লাখ ২৩ হাজার ৮৪৪ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এর মধ্যে মাত্র ২৬ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে। অর্থাৎ গড়ে ২৯ শতাংশ। তাও বৃষ্টির জন্য শুকাতে না পারায় অনেক ধরেছে ধানে পচন। অন্যদিকে ডিজেলের দাম বেশি থাকায় মাড়াইয়ে অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে।
গত ২৯ এপ্রিল সন্ধ্যায় বানিয়াচং উপজেলার শতমুখা এলাকায় খোয়াই নদীর উত্তর পারের বাঁধের একটি অংশ প্রবল স্রোতে ভেঙে যায়। ফলে চারটি ইউনিয়নের বিভিন্ন হাওরে পানি প্রবেশ করছে। প্লাবিত হাওরগুলোর মধ্যে রয়েছে শতমুখা, পূর্ববিলা, আন্দারআব্দা, পঁচাবিল, ভুট্টুক, খালপাড়, সিঙ্গারবিল, কালীবাড়ির ঢালি, মাইজের কান্দা, আউডাতৈল, চণ্ডিপুর, হাঘা ও সুজাতপুর। এসব হাওরের অধিকাংশ জমি ইতোমধ্যে তলিয়ে গেছে।