দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত April 30, 2026
দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরী বৈশ্বিক অপ্রতুল জ্বালানি পরিস্থিতির কারণে সরকার জরুরি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ছাড়া দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ রাখার যে সিদ্ধান্ত দিয়েছে তা জাতীয় স্বার্থে সকলকে মেনে চলতে আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে তিনি জনপ্রতিনিধিসহ সচেতন মহল ও ব্যবসায়ী সমাজকে ভূমিকা রাখতে অনুরোধ জানান।
একই সাথে ইউএনও যানজট নিরসন ও জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে নগর এলাকার প্রতিটি ফুটপাত ও রাজপথসহ উপজেলার প্রত্যেকটি সড়কপথ দখলমুক্ত রাখতে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষণ করেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল/১৭ বৈশাখ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) এরশাদুল হক ভূঁইয়া, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়েস আহমদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো ফখরুল ইসলাম শায়েস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আতিকুল হক, কামালবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো একরামুল হক, সিলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মো অলিদুর রহমান, দক্ষিণ সুরমা থানার ওসির প্রতিনিধি এসআই মাইনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো রোমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ও লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা সাহাব উদ্দিন মুন্না ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো সানোয়ার আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।
সভায় সাংবাদিক প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে ইউএনও এস এম অনীক চৌধুরী জানান, অধিগ্রহণকৃত ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরও সরকারের উচ্চপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম শেষ না হওয়ায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে না।
তবে খুব তাড়াতাড়ি যাতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা যায়, এ ব্যাপারে জেলা প্রশাসনের উচ্চপর্যায়ে যোগাযোগ করবেন বলে তিনি জানান।