অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস || হাওরের মাঠভরা ধান নিয়ে দুশ্চিন্তায় শাল্লার কৃষক

প্রকাশিত April 28, 2026
অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস || হাওরের মাঠভরা ধান নিয়ে দুশ্চিন্তায় শাল্লার কৃষক

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের হাওর এলাকায় সোনার ধান এখন ঘরে আসছে; কিন্তু স্বস্তি নেই কৃষকদের মনে। কারণ অতিবৃষ্টির পূর্বাভাস, যা থেকে সৃষ্ট অকাল বন্যায় ফসলহানির আশঙ্কা বিরাজ করছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জের হাওর এলাকায় অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অথচ মাঠভরা সোনার ধান; কিন্তু এই সময়ের মধ্যে সব কাটা সম্ভব নয়। একেতো শ্রমিক সঙ্কট তার উপর ধানকাটার যন্ত্র পর্যাপ্ত নয়। হারভেস্টার মেশিন যা আছে তাও জমিতে জলাবদ্ধতার কারণে নামানো যাচ্ছেনা। অন্যদিকে আবহাওয়া বৈরি। এর সাথে যুক্ত হয়েছে বজ্রপাত, যা ইতোমধ্যে বিভিন্ন হাওরে বেশ কয়েকটি প্রাণ কেড়ে নিয়েছে।
হাওরের জনপদ শাল্লা উপজেলা কৃষি বিভাগের পক্ষ ২৮ এপ্রিলের মধ্যে হাওরের ৮০ শতাংশ পাকা ধান জরুরি ভিত্তিতে কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদেরকে; কিন্তু বাস্তবে দৃশ্য ভিন্ন। এই পরামর্শ কাজে লাগছেনা।
তবে বসে নেই শিক্ষার্থীরা। এমন সঙ্কটকালে বই-খাতা রেখে পাশে দাড়িয়েছে পরিবারের। অদক্ষ হাতে হলেও একমাত্র সম্পদ যতটা সম্ভব ঘরে আসার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আসলে উপজেলার প্রতিটি মানুষই চোখ আকাশের দিকে রেখেই সোনার ধানে গোলা পূর্ণ করতে লড়াই করে যাচ্ছেন।