নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ ২ জনকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকার এক গৃহকর্মী গত ২৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে টমটমে তার বাপের বাড়ি যাওয়ার পথে পূর্ব পরিচিত জিয়াউর রহমান ও রুকন মিয়া সেদিকে যাবে বলে টমটেম উঠে; কিন্তু পুটিয়া গ্রামের কাছে অন্যান্য যাত্রী নেমে গেলে টমটম ফিরে যায়।
এ সময় গৃহকর্মীকে তার বাপের বাড়ির দিকে এগিয়ে দেওয়ার কথা বলে পুটিয়া গ্রামের একটি মৎস্য খামারের পুকুর পাড়ে নিয়ে গিয়ে আরো কয়েকজনসহ তাকে গণধর্ষণ করার পর জিয়াউর রহমানের বাড়িতে নিয়ে যায়। তবে পরদিন ভোরে নির্যাতিতা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে পালিয়ে আসতে সক্ষম হন। পরে তিনি বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (২৫ এপ্রিল) আনুমানিক রাত সোয়া ১২টায় শায়েস্তাগঞ্জ উপরজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলায় এজাহারনামীয় ১ নম্বর আসামি পুটিয়া গ্রামের মো জিয়াউর রহমান এনাম (২৮, পিতা মো রমিজ মিয়া) ও ৪ নম্বর আসামি একই গ্রামের কাজল মিয়াকে (৩০, পিতা ইসহাক আলী) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।