নিজস্ব প্রতিবেদক : প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলা আয়োজনের অনুমতি সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি আগের দিন বাতিল করে দিলো।
আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) থেকে ২ মে পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বইমেলার আয়োজন করা হয়েছিল। এ জন্যে এসএমপি থেকে যথারীতি অনুমতিও নেওয়া হয়।
এসএমপি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অনুমতি বাতিল করার কথা একটি পত্র মারফত জানিয়েছে।
এদিকে বইমেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার পর অনুমতি বাতিল করায় প্রকাশক পরিষদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
প্রকাশক পরিষদ সিলেট আরো জানায়, অন্তবর্তী সরকার আমলে গত বছর ৭ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি আয়োজিত বইমেলাও একই কারণ দেখিয়ে বাতিল করা হয়েছিল। নির্বাচিত সরকারের আমলে বইমেলার মতো একটি সৃজনশীল আয়োজন বাধাগ্রস্ত হওয়ায় প্রকাশক পরিষদসহ লেখকেরা উদ্বেগ প্রকাশ করেছেন।