ভারতে মানবপাচারের চেষ্টা || র‌্যাবের অভিযানে সিলেটে ২ জন গ্রেফতার

প্রকাশিত April 22, 2026
ভারতে মানবপাচারের চেষ্টা || র‌্যাবের অভিযানে সিলেটে ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে মানবপাচারের চেষ্টার অভিযোগে সিলেটে সংঘবদ্ধ দালাল চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, নড়াইলের সদর উপজেলার শ্রীফলতলা এলাকার জোছনা খানম (৫৩) অসুস্থ স্বামীকে নিয়ে সপরিবারে আর্থিক সঙ্কটে পড়ে অনেকদিন ধরে কাজের সন্ধানে ছিলেন।
এক পর্যায়ে তিনি এক ব্যক্তির মাধমে জুয়েল মিয়া নামে একজন ভাল বেতনের চাকরি দিতে পারবে বলে জানতে পারেন।
পরবর্তী সময়ে জোছনা খানম ও নাহিদা খাতুন নামের আরেকজন মোবাইল ফোনে জুয়েল মিয়ার সাথে যোগাযোগ করলে সে তাদেরকে ভারতে ভাল বেতনের চাকরি দেওয়ার আশ্বাস দেয়; কিন্তু তারা বাংলাদেশের যেকোন জায়গায় বিশেষ করে সিলেটের জাফলং এলাকায় ভাল কাজের ব্যবস্থা করে দিতে বলেন।
জুয়েল মিয়া তখন তাদেরকে জাফলং এলাকায় ভাল কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে গত ১৬ এপ্রিল আনুমানিক সকাল ১১টায় জাফলং জিরো পয়েন্টে আনিয়ে তার বাড়িতে নিয়ে যায় এবং তাদেরকে ভয় দেখায়, তারা না গেলে তাদেরকে ভারতের লোক বলে চালান করে দিবে।
এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুই নারীকে জোরপূর্বক গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পারাপারের সময় তারা এলাকার লোকজনকে পেয়ে তাদেরকে জোরপূর্বক ভারতে পাঠানো হচ্ছে বলে জানান। সাথে সাথে এলাকার লোকজন জুয়েল মিয়াকে আটকে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় জোছনা খানম বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে অন্যান্য আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর পৌণে ২টার দিকে সিলেট মহানগরীর পূর্ব কাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ৫ ও ১৭ নম্বর আসামি গোয়াইনঘাট উপজেলার আমস্বপ্ন গ্রামের শাকিল (২২) ও ফয়সালকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।