নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব নেত্রকোনার মদন উপজেলার এক কৃষক হত্যা মামলার পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, মদন উপজেলার নায়েকপুর পূর্বপাড়া এলাকার বাচ্চু মিয়া (৬৫) অন্যের জমিতে চাষাবাদ করতেন; কিন্তু প্রায়ই পাশের বাড়ির গরুগুলো তার ধানক্ষেত নষ্ট করতো। গত ২৬ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে তিনি দেখতে পান, সেই বাড়ির আতিকুল ইসলাম গরু দিয়ে তার জমির ধান খাওয়াচ্ছে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এর একপর্যায়ে আতিকুল ইসলামের ডাকে তার পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে এসে বাচ্চু মিয়ার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। কিছুক্ষণ পর তিনি ঘটনাস্থলেই মারা নযান।
এ ঘটনায় বাচ্চু মিয়ার ছেলে বাদি হয়ে মদন থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও র্যাব-১৪, সদর কোম্পানি, ময়মনসিংহেরর একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২১ এপ্রিল) আনুমানিক রাত দেড়টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি- শহিদুল ইসলামকে (পিতা মৃত ইসমাইল ইসলাম, মাখনা, মদন, নেত্রকোনা) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।