হবিগঞ্জে হামের সংক্রমণ || আক্রান্ত ৭ || হাসপাতালে ভর্তি ১৬ জন

প্রকাশিত April 17, 2026
হবিগঞ্জে হামের সংক্রমণ || আক্রান্ত ৭ || হাসপাতালে ভর্তি ১৬ জন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে হামে আক্রান্ত হয়েছেন ৭ জন। তবে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন। এছাড়া ঢাকায় পরীক্ষার জন্য সন্দেহভাজন ১০৩ জনের নমুনা পাঠানো হয়েছে। তবে এ রোগে এখন পর্যন্ত জেলায় কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা রত্নদ্বীপ বিশ্বাস এ তথ্য জানান। এ সময় আরো বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা মুখলেছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মো ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আক্রান্তদের চিকিৎসার জন্য সদর আধুনিক হাসপাতালের একটি ওয়ার্ডকে আইসোলেশন ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এছাড়াও উপজেলা হাসপাতালগুলোতে একটি বা দুটি কেবিনকে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে।
আরো জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে মাসব্যাপী হামের টিকাদান ক্যাম্পেইনকালে জেলায় মোট ১ হাজার ৯১৩টি টিকাদান কেন্দ্রে ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৪৭৫ শিশু। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।